বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচনের তফশিল ঘোষণা
সিলেটের সময় ডেস্ক :
বগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ দুটি নির্বাচনের তফশিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- সেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। শেরপুর-৩ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট বাতিল করা হয়। আর পরবর্তী সময়ে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন।
ইসি সচিব জানান, দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
দুই আসনে গণভোট প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব বলেন, বগুড়া-৬ আসনে আগে গণভোট হয়েছে। আর শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন হচ্ছে না। কারণ গণভোটের যে পার্থক্য রয়েছে, তাতে আরেকটিতে গণভোট না হলেও অসুবিধা নেই।
ঘোষিত তফশিল অনুযায়ী, এ দুই আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ৫ মার্চ পর্যন্ত। আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।
