পুতিনকে থামাতেই হবে
আন্তর্জাতিক ডেস্ক ঃ
ইউক্রেন যুদ্ধে নিজেদের প্রতিরোধ নিয়ে দৃঢ়বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, তাদের পরাজিত হওয়ার প্রশ্নই ওঠে না। তারা ইউক্রেন যুদ্ধ শেষ করবেন বিজয়ী হিসেবে। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন, তাকে থামাতেই হবে। খবর বিবিসির।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়া বিশ্বে ভিন্ন এক জীবনধারা চাপিয়ে দিতে চায় এবং মানুষ নিজেদের জন্য যে জীবন বেছে নিয়েছে, সেটার পরিবর্তন করতে চায়।’
রাশিয়ার হাতে এখনও পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ২০ শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ রয়েছে। ইউক্রেন এই শহরগুলোকে ‘দুর্গ শহর’ বলে। জেলেনস্কি বলেন, ‘আমাদের ইউরোপীয় অংশীদাররা বলেছেন, পুতিনের সামলে উঠতে তিন থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। কিন্তু আমার মতে, তিনি এক বা দুই বছরের বেশি সময় নেবেন না। এর পর তিনি কোথায় যাবেন? আমরা জানি না, তবে একটি সত্য এটাও যে, তিনি হয়তো যুদ্ধ আবার শুরু করতে চাইবেন।’
