‘চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো কোনো এক সময়’

খেলাধুলা ডেস্ক ঃ

 

দেশের হারিয়ে যাওয়া প্রতিভাবান তারকাদের মধ্যে অন্যতম নাসির হোসেন। জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফরম্যান্সে ফিনিশার হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।

কিন্তু উশৃঙ্খল জীবন-যাপনের কারণে প্রতিভা থাকা সত্ত্বেও জাতীয় দল থেকে বাদ পড়ে যান এই তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, ফিক্সিংয়ের অভিযোগে ২০ মাস পেশাদার ক্রিকেটের বাইরে ছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে,  জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার বলেন, ‘এখন যদি আমি ক্রিকেট না খেলি আপনি কি আমাকে দেখবেন? আমি এখন মনে করেন যে কোনো কিছু একটা বললাম বা কারো ব্যাপারে কোনো মন্তব্য করলাম তো এটা তো আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। তো এখন চাইলে অনেক কিছু বলতে পারি না, তবে বলবো ইনশাআল্লাহ, কোনো না কোনো সময় বলবো।’

সবকিছু ঠিক থাকলে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে কাপ শুরু হচ্ছে। চার দল পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল নিয়ে মাঠে গড়াবে আসর। বিসিএলের ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেনের।

এব্যাপারে নাসির হোসেন বলেন, ‘এখন আমার নামটা যে কেন নাই সেটা তো আমিও জানি না, হয়ত চেহারা খারাপ হয়ে গেছে, বা ফোনটোন কাউরে দেইনি সে কারণেও হতে পারে। আর কি বলবো এটা নিয়ে। আসলে বলার কিছু নেই। এটা তো আর আমার হাতে নাই। যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতে পারতাম। বা এটা যাদের হাতে আছে যারা এই দলটা করেছেন তারা ভালো বলতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘বললে তো ভাই অনেক কিছুই বলা যায়, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু আরও চার-পাঁচ বছর খেলবো, আমার খেলার ইচ্ছা আছে আর কি। ফোন দিলে কাজ হয় না, হয়তো খুশি হয় অনেকে। আমি আগেও যোগাযোগ করি নাই কোনোদিন কোনো কারণে।’

দলে না থাকায় কোনো আক্ষেপ আছে কি না এ প্রশ্নেও স্পষ্ট অবস্থান নেন এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আক্ষেপ নেই। আমার কাউকে তেলানোর অভ্যাস নেই। যতদিন খেলেছি বাঘের মতো খেলেছি। কাউকে তেলিয়ে খেলতে চাই না আর খেলবোই না (কাউকে তেলিয়ে)।’

এ বিভাগের অন্যান্য