কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
কুষ্টিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও অটোরিকশা চালক জাকারিয়া সরকার (৪০) এবং একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮)। এছাড়া এক নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি আটক করা হয়েছে।
কুষ্টিয়া সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আরদেশ আলী জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত প্রতিটি পরিবারকে দাফনের জন্য ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
