নামাজ শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা
সিলেটের সময় ডেস্ক :
যশোরের শার্শার বারিপোতা গ্রামে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আল-আমিন (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারিপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হাসান জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। থানার দায়িত্বে থাকা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। তবে, তিনি জানতে পেরেছেন নামাজ পড়ে ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে।
অন্যদিকে শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ‘তিনি ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।’ মরদেহ ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
