বাংলাদেশ দলে সুযোগ পাওয়া সুইডেনপ্রবাসী আনিকা জানালেন প্রিয় ফুটবলারের নাম
প্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীর এখন ঢাকা-সুইডেন-ঢাকা যাতায়াত করতে হচ্ছে নিয়মিত। এএফসি নারী এশিয়ান কাপ সামনে রেখে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলন পর্বে যোগ দিয়েছেন আনিকা। অল্প সময়ের মধ্যেই দলের কয়েকজন ফুটবলারের সঙ্গে বন্ধুত্ব হয়েছে সুইডেনপ্রবাসী এই ফুটবলারের।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন আনিকা রানিয়া সিদ্দিকী—বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে এই ক্যাপশনে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে।
১ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান কোচ পিটার বাটলার গত ৯ এশিয়া কাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন সুইডেনপ্রবাসী আনিকা।
