দিরাইয়ে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধল আশ্রম গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনজু মিয়া ওই গ্রামের মৃত ছাদ উল্ল্যার ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে আয়োজিত একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেওয়া নিয়ে আনজু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আনহার মিয়ার কথা-কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়ার ওপর হামলা চালান। ​আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত দিরাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​খবর পেয়ে দিরাই থানা পুলিশ হাসপাতালে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,​ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ​এই হত্যাকাণ্ডের ঘটনায় ধল আশ্রম গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য