নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করেছে আমরা বিজয়ী: ইসি সানাউল্লাহ

সিলেটের সময় ডেস্ক :

 

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই প্রমাণ করেছে যে জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।’

আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী ঘোষণাকালে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসি সানাউল্লাহ বলেন, ‘জাতির কাছে আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল- নিরপেক্ষ একটি নির্বাচন করা। এজন্য আমরা শতভাগ চেষ্টা করেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা, কেননা তারা স্বতস্ফূর্তভাবে এই বিশাল আয়োজনে অংশগ্রহণ করেছেন। এটিই প্রমাণ করেছে যে আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এটাকে শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেইনি। এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। যা নিয়ে কিছু অশনিসংকেত ছিল, যে সকল শঙ্কার জায়গা ছিল-ভোটের এই বন্যার মধ্য দিয়ে সব ভেসে গেছে।’

বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত না হয়ে যায় এই কামনা করে নির্বাচন কমিশনার বলেন, ‘এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে আরও ভালো নির্বাচন করার জন্য আদর্শ হয়ে থাকে।’

এ সময় ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব ড. আখতার আহমেদ ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য