হবিগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় র্যাবের কড়া নজরদারি
সিলেটের সময় ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র্যাব-৯। ঝুঁকিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আগাম পরিকল্পনা অনুযায়ী মাঠে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে র্যাব-৯ এর হবিগঞ্জের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো: সাজ্জাদ হোসেন জানান, নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতা, গুজব ছড়ানো ও আইন-শৃঙ্খলা বিঘ্নের যে কোনো অপচেষ্টা প্রতিহতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জেলার প্রতিটি সংসদীয় আসনে দুটি করে টহল টিম ও একটি রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। ভোটের দিনসহ নির্বাচন-পরবর্তী সময়েও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো গোষ্ঠী আতঙ্কিত বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব।
র্যাব-৯ আরও জানায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই মাঠে কাজ করছে বাহিনীটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা হবে বলেও উল্লেখ করা হয়।
