পাথরঘাটায় সাবেক এমপি হিরুর ওপর হামলা

সিলেটের সময় ডেস্ক :

 

বরগুনার পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর হামলা করা হয়েছে। এতে আহত হয়েছেন তিনি। আজ  সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসার সামনে তাঁর ওপর এ হামলা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার খাওয়ার পর বাজারে যাওয়ার জন্য বাসা থেকে বের হন হিরু।

এ সময় বাসার সামনেই তিন থেকে চারজন লোক তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার পাইপ দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। 

আহত গোলাম সরোয়ার হিরু বলেন, ‘বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায়।

এতে আমার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এখন বাসায় চিকিৎসক ডেকে চিকিৎসা নিচ্ছি।’ 

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দায়িত্বরত নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে। 

গোলাম সরোয়ার হিরু বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ১৯৯৬ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি, আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন।

২০১৩ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকেন হিরু।

২০২৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। 
এ বিভাগের অন্যান্য