সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি : তারেক রহমান

সিলেটের সময় ডেস্ক :

 

ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি কখনো দেশের মাটি ও মানুষকে ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপির চেয়ারম্যান বলেন, বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে।

সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিএনপি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি। 

খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি।

খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এ দেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সে জন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ। 

তিনি আরো বলেন, বিএনপি সব সময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

বিএনপি সৃষ্টি থেকে সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে, বিএনপি জনগণকে রেখে চলে যায়নি। 

এ সময় বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সে জন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন,  এই ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তী সময়ে তা পরিশোধ করতে পারবেন।

তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে।

এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে। 
এ বিভাগের অন্যান্য