‘জয় বাংলা স্লোগান’ দিয়ে বিএনপি কর্মীদের ওপর হামলা

সিলেটের সময় ডেস্ক :

 

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে বিএনপি প্রার্থীধানের শীষ প্রতীকের লুৎফর রহমান মতিনের কর্মীদের ওপর স্বতন্ত্র প্রার্থী (হাসঁ মার্কা প্রতীক) সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির পাঁচ নেতাকর্মী আহত হন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন আল আজাদ, পালিমা গ্রামের আব্দুল কদ্দুস, কাজিম উদ্দিন, কামাল হোসেন ও পোষণা গ্রামের নজরুল ইসলাম।

এ ঘটনায় রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদ কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেছেন বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌফিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বিএনপির ১০-১২ জন নেতাকর্মী লুহুরিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় যান। তখন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর ২০-২৫ জন নেতাকর্মী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির পাঁচজন নেতাকর্মী আহত হন।

শনিবার রাতেই তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে নজরুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বাকি চারজনকে সেখানে ভর্তি করা হয়।

হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল কর্মকর্তা মো. মেহেদী বলেন, ‘আব্দুল কদ্দুস সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার দোসর ও লতিফ সিদ্দিকীর অনুসারী বাবুল সিদ্দিকী ও এছহাক সিদ্দিকীর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিন বলেন, ‘বিষয়টি পুলিশকে জানিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করতে চাই। হামলার বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক চাই।’

কালিহাতী থানার ওসি মো. তৌফিক বলেন, ‘এ ঘটনায় আলাউদ্দিন আল আজাদ আজ থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

এ বিভাগের অন্যান্য