জামায়াত আমিরের আগমন উপলক্ষে নির্মিত তোরণ ভেঙে দিল প্রশাসন

সিলেটের সময় ডেস্ক :

 

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মিত একটি তোরণ অপসারণ করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল বুধবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে বাঁশ ও কাপড় দিয়ে নির্মিত তোরণটি ভেঙে ফেলা হয়।

ঘটনাস্থলে উপস্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সংসদ নির্বাচনের প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধিতে তোরণ নির্মাণ নিষিদ্ধ। আমরা খবর পেয়ে বিশ্বরোড মোড় এলাকায় গিয়ে একটি তোরণ দেখতে পাই। কিন্তু সংশ্লিষ্ট কাউকে সেখানে না পেয়ে আমরাই সেটি অপসারণ করেছি।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার তিনি চাঁপাইনবাবগঞ্জ সফরে আসবেন। তোরণটি জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নির্মাণ করা হয়েছিল।

এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, ‘উনার সফর ও নির্বাচনী জনসভা উপলক্ষে এবং নির্বাচনেরই অংশ। কাজেই সফর উপলক্ষে তোরণ নির্মাণ আচরণবিধির লঙ্ঘন।’

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী বলেন, ‘আমিরে জামায়াতের কর্মসূচীতে তোরণ এভাবে ভেঙ্গে ফেলা ঠিক হয়নি। সারাদেশেই উনি সফর করছেন এবং সব জায়গায় এমন তোরণ নির্মাণ করা হচ্ছে। সেগুলো থাকতে পারলে আমাদের এখানে কেন থাকতে পারবে না। এরপরও তোরণটি এভাবে ভেঙ্গে ফেলার আগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন সংশ্লিষ্টরা।’

এ বিভাগের অন্যান্য