মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, নিহত ২

সিলেটের সময় ডেস্ক :

 

মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া গ্রামের আমজেদের ছেলে রানা (২৭) ও একই উপজেলার সামর্থবাড়ী গ্রামের মুক্তারের ছেলে লিখন (১৮)।

হাইওয়ে পুলিশ জানায়, মধু সংগ্রহের উদ্দেশ্যে মৌচাকবোঝাই একটি ট্রাকে করে যশোর থেকে মাদারীপুরের ঘটকচর এলাকায় যাচ্ছিলেন মৌচাষী রানা ও লিখন। পথে পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানা ও লিখনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে।

এ বিষয়ে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য