আওয়ামী লীগের রাজনীতির পুনরাবৃত্তি করছে একটি দল

সিলেটের সময় ডেস্ক :

 

একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এনসিপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডে আয়োজিত এই জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন দলটির শীর্ষ নেতারা।

জনসভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর নির্যাতন ও দমন-পীড়ন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য একটি বিশেষ মহল সক্রিয়ভাবে কাজ করছে। এ ধরনের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণা বলে উল্লেখ করেন তারা।

জনসভায় দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালানো আওয়ামী লীগকে আবারও নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন। তারা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে আগামীকাল বিএনপিকেও নিষিদ্ধ করা হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খুনি যদি বলে, আজ তাকে ফাঁসি দিলে কাল আমাকে ফাঁসি দেওয়া হবে না—তার নিশ্চয়তা কোথায়। তাহলে কি সেটাই ন্যায়বিচার?’

তিনি বলেন, ‘জুলাই মাসে সংঘটিত গণহত্যার চিন্তা এখনো তাদের মাথায় রয়ে গেছে। যারা এক সময় গণহত্যা চালিয়েছে, তারা আজ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, এটি জাতির জন্য ভয়ংকর।’

প্রধান অতিথির বক্তব্যে এনসিপি আহ্বায়ক নাইদ ইসলাম বলেন, ‘১৬ বছর পর এই ভোট শুধু একটি নির্বাচন নয়, এটি একটি গণভোট। এই ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে, তারা ফ্যাসিবাদ চায়, নাকি প্রকৃত গণতন্ত্র চায়।’

এ সময় ভোটারদের মিথ্যা প্রতিশ্রুতি ও রাজনৈতিক বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দল সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা করছে, ভোট কেন্দ্র দখলের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের অতীত ফ্যাসিস্ট রাজনীতিরই পুনরাবৃত্তি।’

তিনি আরও বলেন, ‘একটি দল সারাদেশে ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণহারে মামলা দিয়েছিল। এখন নির্বাচনের মাঠে এসে বলছে মামলা তুলে নেবে। এটি তাদের কূটকৌশল। এতে আপনারা বিভ্রান্ত হবেন না। তারা তাদের ঘোষিত ৩১ দফা থেকেও সরে এসেছে। একতরফা হামলা চলতে থাকলে জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।’

জনসভায় মৌলভীবাজার-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাসকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলার জন্য প্রীতম দাসই এই আসনের যোগ্য প্রতিনিধি।

সভা শেষে এনসিপির নেতাকর্মীরা একটি নির্বাচনী প্রচারণা মিছিল বের করেন। মিছিলটি শ্রীমঙ্গল শহরের স্টেশন রোড, কলেজ রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ বিভাগের অন্যান্য