দুই দশক পর আজ নওগাঁয় যাচ্ছেন তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর আজ নওগাঁয় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলার এটিম মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। তার আগমন ঘিরে উৎসব বিরাজ করছে জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে।
সর্বশেষ ২০০৬ সালের ৫ জুন নওগাঁয় এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান।
এবার তাঁর আগমনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ব্যাপক ভাবে প্রাণচাঞ্চল্যতা ছড়িয়ে পড়েছে নওগাঁ সদরসহ জেলার ১১টি উপজেলায়। সাধারণ মানুষ অধির আগ্রহ নিয়ে অপেক্ষায় তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার জন্য, তাঁর বক্তব্য শোনার জন্য।
তারেক রহমান আজ বিকেল সাড়ে ৫টায় নওগাঁ এটিম মাঠে বক্তব্য রাখবেন বলে জানান নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান। বিএনপির স্থানীয় দলীয় নেতৃবৃন্দ জানান তারেক রহমান এই সমাবেশে বিএনপির মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। একইসঙ্গে দেশের জনগণের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।
