লালমনিরহাটে বিএনপি-জামায়াত সংর্ঘষ, আহত ২০

সিলেটের সময় ডেস্ক :

 

লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। একই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন দলটির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ওই এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে কথাকাটিতে জড়িয়ে পড়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। খবর পেয়ে উভয় দলের নেতা-কর্মীরা ছুটে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ। এতে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থলে যান লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি)।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু জানান, সংঘর্ষের কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না।

এদিকে এ বিষয়ে জানতে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান আসাদ জানান, পুরো বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য