স্পেনে ফের ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত অনেকে

সিলেটের সময় ডেস্ক : 
 

 

স্পেনের দক্ষিণাঞ্চলে রবিবার দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনার কয়েক দিনের মধ্যেই আবার দুর্ঘটনা ঘটেছে। বার্সেলোনার কাছে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে একজন ট্রেনচালক নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় অন্তত ৩৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় রোডালিস ট্রেনটি গেলিদা ও সান্ত সাদুরনির মাঝামাঝি স্থানে একটি রিটেইনিং ওয়াল ভেঙে পড়ার কারণে দুর্ঘটনায় পড়ে।কাতালোনিয়ার আঞ্চলিক অগ্নিনির্বাপণ পরিদর্শক ক্লৌদি গ্যালার্দো জানান, ট্রেনের সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল ঝড়ের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে স্পেনের পূর্ব ও উত্তর-পশ্চিম উপকূলীয় এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, বার্সেলোনা থেকে প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিমে গেলিদা এলাকায় ঘটনাস্থলে ১১টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয় এবং সেখানে আহতদের চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, ৩৫ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করেন এবং ট্রেনের ভেতরে আটকে পড়া একজন যাত্রীকে উদ্ধার করা হয়।পরে জানানো হয়, ট্রেনের ভেতরে আর কেউ আটকে নেই। তবে সম্ভাব্য অন্য কোনো হতাহত আছে কি না, তা নিশ্চিত করতে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
জরুরি পরিষেবার তথ্য অনুযায়ী, আহতদের কয়েকজনকে মোইসেস ব্রোগি, বেলভিটজ ও ভিলা ফ্রাঙ্কা হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। জরুরি চিকিৎসা পরিষেবা জানিয়েছে, পাঁচজন গুরুতর আহত ছাড়াও ছয়জন মাঝারি আহত এবং ২৬ জন হালকা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।পরিষেবা বন্ধমঙ্গলবার বার্সেলোনার কমিউটার রেল নেটওয়ার্কে আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। স্পেনের রেল কর্তৃপক্ষ আদিফ জানিয়েছে, ঝড়ের কারণে রাস্তা থেকে সরে আসা একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের চাকা ক্ষতিগ্রস্ত হয়। ট্রেনটি বার্সেলোনার উত্তর-পূর্বে ব্লেন্স ও ম্যাকানেট-মাসানেস এলাকার মধ্যে চলছিল।

এই ঘটনায় কেউ আহত হয়নি। তবে নিরাপত্তার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে, বুধবার সকালে প্রায় ৪ লাখ যাত্রী ট্রেন পরিষেবা পাবেন না। নিরাপত্তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পুরো রোডালিস কমিউটার রেল নেটওয়ার্কে ট্রেন চলাচল বন্ধ থাকবে। পরিদর্শন শেষে রেল কর্তৃপক্ষ সরকারের সঙ্গে বৈঠক করবে।এর দুই দিন আগেই আন্দালুসিয়ার আদমুজে দুটি দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনাটি গত এক দশকের মধ্যে স্পেনের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা বলে ধরা হচ্ছে। ওই ঘটনায় মাদ্রিদগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে বিপরীত লাইনে চলে গেলে সামনে থেকে আসা আরেকটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অন্তত ৪২ জন মারা যান।

সূত্র : আল অ্যারাবিয়া।

এ বিভাগের অন্যান্য