টানা কয়েক দিন সংঘাতের পর এসডিএফের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

টানা কয়েক দিন তীব্র সংঘর্ষের পর কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছে সিরিয়া সরকার। রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তির আওতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনীকে প্রত্যাহার করে তাদের সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।

দামেস্কে দেওয়া এক বক্তব্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, এই চুক্তির ফলে এসডিএফের নিয়ন্ত্রণে থাকা উত্তর ও পূর্বাঞ্চলের আল-হাসাকা, দেইর আজ-জোর ও রাক্কা— এই তিন প্রদেশে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। চুক্তির শর্ত বাস্তবায়নে সহযোগিতা করতে আরব গোত্রগুলোকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

চুক্তি অনুযায়ী, আইএসআইএল বন্দি এবং বন্দিশিবিরগুলোর দায়িত্বে থাকা এসডিএফ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত হবে। এর ফলে এসব স্থাপনার আইনগত ও নিরাপত্তা দায়ভার সরাসরি সরকারের হাতে চলে যাবে।

চুক্তিতে আরো বলা হয়েছে, ‘জাতীয় অংশীদারত্ব’ নিশ্চিত করতে এসডিএফ তাদের নেতাদের একটি তালিকা দেবে। এই তালিকায় থাকা ব্যক্তিদের কেন্দ্রীয় সরকারের সামরিক, নিরাপত্তা ও বেসামরিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সিরিয়াবিষয়ক বিশেষ দূত টম ব্যারাকের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন আল-সারা। বৈঠকে এসডিএফ প্রধান মাজলুম আবদির উপস্থিত থাকার কথা থাকলেও আবহাওয়ার কারণে তার সফর এক দিন পিছিয়ে সোমবার করা হয়েছে বলে জানানো হয়।

কুর্দি সংবাদমাধ্যম রুদাও জানিয়েছে, দেইর আজ-জোর ও রাক্কা থেকে সৈন্য প্রত্যাহারে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছেন এসডিএফ প্রধান আবদি। সোমবার দামেস্ক সফরে গিয়ে প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে বৈঠক করবেন তিনি।

এদিকে চুক্তির পর সিরিয়ার প্রেসিডেন্টকে ফোন দিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক দীর্ঘদিন ধরে এসডিএফকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত অংশ হিসেবে দেখে আসছে, যাকে আঙ্কারা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতিকে দামেস্ক ও তার মিত্র তুরস্কের জন্য কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। চুক্তির ফলে রাক্কা, হাসাকা ও দেইর আজ-জোরে বেসামরিক প্রশাসনসহ পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে সিরিয়া সরকার।

এ বিভাগের অন্যান্য