জানা গেল শবে বরাতের সম্ভাব্য তারিখ
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি ১৪৪৭ সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে আজ রবিবার (১৮ জানুয়ারি)। বর্তমানে ওই অঞ্চলে রজব মাসের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে মুসলমানদের ধর্মীয় রাত শবেবরাত পালিত হয়।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের হিসাব অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ জানান, আজ শাবানের চাঁদের জন্ম হলেও সূর্যাস্তের আগেই তা অস্ত যাবে। এ কারণে আজ খালি চোখে চাঁদ দেখা অসম্ভব। তবে আগামীকাল সোমবার খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে।
এই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি রাতে মধ্যপ্রাচ্যে শবে বরাত পালিত হতে পারে। বাংলাদেশেও যদি সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবেবরাত পালিত হবে। তবে চাঁদ দেখা না গেলে দেশে শবেবরাত পালিত হতে পারে ৪ ফেব্রুয়ারি রাতে।
