ট্রাম্পের নির্দেশে আইএসের বিরুদ্ধে সিরিয়ায় মার্কিন বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনাদের ওপর আইএসের হামলার জবাবে শনিবার (১০ জানুয়ারি) এই হামলার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাগুলো অপারেশন হকআই স্ট্রাইক-এর অংশ।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ অভিযানে ২০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করা হয়।

এসব বিমান থেকে ৩৫টির বেশি লক্ষ্যবস্তুতে ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র ছোড়া হয়। অভিযানে এফ-১৫ই, এ-১০, এসি-১৩০জে, এমকিউ-৯ ড্রোনের পাশাপাশি জর্ডানের এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। তবে কোথায় ঠিক হামলা হয়েছে এবং এতে কতজন হতাহত হয়েছে, তা এখনো জানা যায়নি।
 

মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা কখনো ভুলব না এবং কখনো পিছিয়ে যাব না।

 

ডিসেম্বরে সিরিয়ার পালমিরা এলাকায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন। এর পরই ট্রাম্প প্রশাসন অপারেশন হকআই স্ট্রাইক শুরু করে।

মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ২০ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে এই অভিযানে ১১টি হামলা চালিয়ে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে। এর আগে, ১৯ ডিসেম্বর প্রথম অভিযানে মার্কিন ও জর্ডানের বাহিনী একসঙ্গে মধ্য সিরিয়ার বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং সেখানে ১০০টির বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়।

 

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনের পর সিরিয়ার পরিস্থিতি খুবই নাজুক। বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা (আবু মোহাম্মদ আল-জোলানি) বর্তমানে দেশটির নেতৃত্ব দিচ্ছেন।

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য