চিরস্থায়ী এক হাসিমুখ: জনতার কামরান

নিজামুল হক হামিদী

সিলেটের অগণিত মানুষের ব্যক্তিগত ইতিহাসের পাতাগুলো আজ খুলে দেখুন। হাজারো পরিবারের সযত্নে রাখা পুরনো বিয়ের অ্যালবামের কোনো না কোনো পাতায় দেখা মিলবে এক চিরচেনা মানুষের—বদর উদ্দিন আহমদ কামরান। পাগড়ি পরা বরের পাশে কিংবা বেনারসি পরিহিত কনের মাথায় স্নেহের হাত রেখে দাঁড়িয়ে আছেন তিনি। কত সহস্র দম্পতির জীবনের নতুন সূচনালগ্নে যে তিনি সাক্ষী হয়েছিলেন, তার কোনো আনুষ্ঠানিক হিসাব হয়তো রাখা হয়নি; কিন্তু মানুষের হৃদয়ের পাতায় তিনি অমলিন।

রাজনীতি মানে অনেকের কাছে বিশাল মঞ্চ আর গগণবিদারী ভাষণ। কিন্তু কামরান ভাইয়ের কাছে রাজনীতি ছিল মানুষের সুখে হাসা আর দুঃখে পাশে দাঁড়ানো। কারো অসুস্থতার খবর পাওয়া মাত্রই অস্থির হয়ে ছুটে যেতেন হাসপাতালে কিংবা জরাজীর্ণ সেই ঘরটিতে। কারো জন্ম, কারো মৃত্যু কিংবা কারো বিয়ের দাওয়াত—ব্যস্ততার পাহাড় ডিঙিয়েও তিনি ঠিকই হাজির হয়ে যেতেন এক চিলতে অমায়িক হাসি নিয়ে। আমার নিজের ছোট বোনের বিয়েতেও তাঁর সেই উজ্জ্বল উপস্থিতি আজও এক অমূল্য স্মৃতি হয়ে আছে।

উনার সাথে আমার সম্পর্কটা কেবল একজন নেতার সাথে কর্মীর ছিল না; ছিল এক নিবিড় আত্মিক বন্ধন। উনার অন্দরমহলের ড্রইংরুম থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আমার যে অবাধ যাতায়াত ছিল, সেখানে আমি কোনো ক্ষমতাধর মেয়রকে দেখিনি, দেখেছি এক বিশাল হৃদয়ের অভিভাবককে। দেখা হলেই সেই ভুবনজয়ী হাসি দিয়ে যেভাবে কুশল বিনিময় করতেন, তাতে নিমেষেই সব ক্লান্তি উবে যেত।

আজ ১লা জানুয়ারি, আপনার শুভ জন্মদিন। আপনি সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু আপনি বেঁচে আছেন প্রতিটি বিবাহবার্ষিকীর দিনে সেই পুরনো ছবির ফ্রেমে, আপনি বেঁচে আছেন প্রতিটি অসহায় মানুষের চোখের জল মোছার গল্পে। আপনি সিলেটবাসীর হৃদয়ের সেই স্পন্দন, যা কোনোদিন থেমে যাবে না।

পরপারে ভালো থাকুন আমাদের প্রিয় অভিভাবক। আপনার অভাব আজ প্রতিটি মোড়ে, প্রতিটি প্রাণে অনুভূত হয়। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আপনাকে স্মরণ করছি।

পুনশ্চ: বছরের এই প্রথম দিনে কামরান ভাইয়ের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটি সবার জীবনে মঙ্গলময় হোক।

এ বিভাগের অন্যান্য