নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা এনসিপি নেত্রী ঝুমার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। খাগড়াছড়ি থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। গতকাল রবিবার দিবাগত রাত ২টা ১৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুক পোস্টে ঝুমা লিখেছেন, ‘এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিল তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল।
তিনি লিখেছেন, ‘আজ প্রায় ২ ঘণ্টা আগেই দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার আলোচনা শুরু হওয়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পদত্যাগের হিড়িক পড়েছে। গতকাল রবিবার পর্যন্ত দলটির কেন্দ্রীয় চার নেতাসহ পাঁচজন পদত্যাগ করেছেন। এর মধ্যে গতকালই দলটির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, খালেদ সাইফুল্লাহ ও ফেনী-৩ আসনে মনোনীত দলটির প্রার্থী আবুল কাশেম পদত্যাগ করেন।
