তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষকের জামিন মঞ্জুর

সিলেটের সময় ডেস্ক :

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দেন।

তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত।

পুলিশ বলছে, শনিবার (২৭ ডিসেম্বর) শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহিদুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘চাঁদাবাজ’ ও ‘সন্ত্রাসী’ বলে চিৎকার করছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা-পুলিশে হস্তান্তর করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে শনিবার (২৭ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বলা হয়, ‘গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্য বিএনপি গণতন্ত্র তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। নিজের মতপ্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো ঠিক হয়নি। তাই অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্মান দেওয়ার জন্য অনুরোধ করছি।’

এ বিভাগের অন্যান্য