পবিত্র শবেমেরাজ কবে, জানা গেল তারিখ
বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হবে পবিত্র রজব মাস গণনা। সে হিসেবে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
শবেমেরাজ উপলক্ষ্যে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে এদিন থাকে ঐচ্ছিক ছুটি। এবারের শবেমেরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়েছে।
সভায় আরো উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ কমিটির সদস্যরা।
রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। এ মাস আসে রমজানের আগমনী বার্তা নিয়ে।
‘শবেমেরাজ’ অর্থ ঊর্ধ্ব গমনের রাত। মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন।
