হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা ‘খাবারের বিষক্রিয়া’
রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। শিশুদের বাবা-মাও অসুস্থ ছিলেন, প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাসার সামনে লাশবাহী অ্যাম্বুল্যান্স থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মৃত আফরিদা চৌধুরী (১০) ও ইলহাস চৌধুরী (১) কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আকরিদা ভিকারুননিসা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া বলেন, শুক্রবার দিবাগত রাতে খাবার খেয়ে শিশু আকরিদা ও ইলহাস ঘুমিয়ে পড়ে। পরে রাত আড়াইটার দিকে বোন আফরিদা চৌধুরীর হঠাৎ বমি করতে শুরু করে। ওই অবস্থায় তাকে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মো. সুমন মিয়া আরো বলেন, খাবারে বিষক্রিয়া না অন্য কিছু, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে হওয়া যাবে।
