তারেক রহমানের ফ্লাইট থেকে ২ ক্রুকে প্রত্যাহার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন-ঢাকা রুটের একটি নিয়মিত ফ্লাইট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য নির্ধারণ করা হয়েছে। ফ্লাইটটি থেকে দুজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ভিআইপি নিরাপত্তা ও বিশেষ ব্যবস্থাপনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
প্রত্যাহার হওয়া ওই দুই কেবিন ক্রু হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।
সূত্র অনুযায়ী, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে ওই দুই কেবিন ক্রুর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে যুক্ত ছিলেন—এমন তথ্যও গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত ছিল। এসব বিবেচনায় ভিআইপি যাত্রীর নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইটেও দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। সে সময়ও নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
