মাধবপুরে সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালানবিরোধী অভিযানে কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় তৈরি গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের মোট মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।
বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভিতরে এ অভিযান পরিচালিত হয়।
টহল চলাকালে ভোর পৌনে ৫টায় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। প্রাথমিকভাবে ভ্যানে কাঠের গুড়া ভর্তি বস্তা দেখা গেলেও সন্দেহের ভিত্তিতে সব বস্তা নামানোর পর গাড়ির বডির ভেতরে তৈরি গোপন কুঠুরি থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়। পরে কাভার্ড ভ্যানসহ চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে উন্নত মানের বিভিন্ন ডিজাইনের ভারতীয় শাড়ি ও শাল রয়েছে, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় কোনো চালক বা সহযোগী আটক না হলেও চোরাচালান চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অর্থনীতি রক্ষায় চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করবে। তিনি জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
