অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার মূল আসামি মোঃ স্বপন মিয়া (১৮) গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের হাত থেকে ভিকটিমও নিরাপদে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, ভিকটিম মাধবপুর উপজেলার জগদীশপুর জে.সি হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত স্বপন মিয়া নিয়মিত স্কুলে যাতায়াতের সময় তাকে উত্ত্যক্ত করত। বিষয়টি পরিবারকে জানালে অভিযোগ জানানো হলেও তিনি বেপরোয়া হয়ে ওঠে।

৬ নভেম্বর সকালে স্বপন ধারালো ছুরি হাতে ভিকটিমের ঘরে ঢুকে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও রূপার কোমরের বিছা লুট করে ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে। পরে ভিকটিমের বোন মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ১৭ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত স্বপন মিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ স্বপন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের মোঃ ছালেক মিয়া ওরফে তাউছ মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্ত ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য