যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামাল হাসান সিলেটে গ্রেপ্তার হয়েছেন। সিলেট মহানগর পুলিশ ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের সঙ্গে গতকাল বুধবার কামাল হাসানকে গ্রেপ্তার করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

জানা গেছে, কামাল হাসান দীর্ঘদিন দৈনিক বাংলাবাজার, মানবজমিন, ভোরের কাগজ, চ্যানেল আইসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতায় জড়িত ছিলেন। তিনি নব্বইয়ের দশকে সিলেটের ছাত্র গণ-আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় যোগ দেন এবং তৎকালীন প্রভাবশালী বেশ কয়েকটি জাতীয় দৈনিকে ঢাকায় সাংবাদিকতা করেন। তারপর তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানে সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এরপর তিনি কুলাউড়া উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কামাল হাসান দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

২০২৪ সালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি কুলাউড়া থেকে প্রার্থী হয়ে নির্ধারিত ভোট না পাওয়ায় জামানত হারান। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা কামাল হাসান ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।

এ বিভাগের অন্যান্য