মুক্তিযুদ্ধ নিয়ে কল্পকাহিনি, ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা : আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯৭১ সালের যে ভূমিকা, এত দিন পর্যন্ত তা মিথ্যা রচনা করা হয়েছে। আপনারা বদরুদ্দীন উমরের ইতিহাস পড়বেন। তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা এগুলো ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা। জামায়াতে ইসলামী ওই সময় যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে, আমরা এখন এটা জেনেছি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, ‘আজকের এই বিজয়ের র্যালি এই কারণে যে আমরা দেশের স্বাধীনতার পক্ষে। ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে ছিলাম এ কারণে আমাদের বিরোধী বানিয়ে রেখেছিল।
তিনি আরো বলেন, ‘এ দেশে যারাই জন্ম নেবে তারাই সম্মানিত নাগরিক। সবাইকে নিয়ে আমরা আবার এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
এ সময় বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা।
