‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু, যুক্তরাষ্ট্রে সরাসরি মিলবে নাগরিকত্ব
‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য গতকাল মঙ্গলবার এই ভিসা চালু করেন ট্রাম্প। প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ নামে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে।
এই ভিসা পেতে আবেদনকারীদের আবেদনপত্র যাচাই করা হবে, সেই পরীক্ষায় পাস করতে হবে।
ট্রাম্প বলেছেন, ‘এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এতে ভালো এবং যোগ্য মানুষই অংশ নিতে পারবেন।
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন, প্রাথমিক নিবন্ধনেই প্রায় ১০ হাজার মানুষ এই ‘গোল্ড কার্ড’ ভিসার জন্য নাম লিখিয়েছেন। তার আশা, আরো অনেকেই যোগ দেবেন।
তিনি বলেন, ‘আমরা হাজার হাজার কার্ড দেব আর এতে বিলিয়ন ডলার আয় হবে।’
লুটনিক বলেছেন, গোল্ড কার্ড প্রোগ্রাম এমন লোকদের মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে, যারা আমাদের অর্থনীতির জন্য উপকারী হবে। তিনি বলেন, সাধারণ গ্রীনকার্ড ধারীরা কম অর্থ উপার্জন করেন এবং তাদের পরিবারের সদস্যরা সরকারি সহায়তায় থাকার সম্ভাবনা বেশি।
ট্রাম্প প্রশাসন অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। অবৈধভাবে দেশে থাকা লাখ লাখ মানুষকে নির্বাসিত করেছে এবং বৈধ অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। গোল্ড কার্ড প্রোগ্রামটি এর বিপরীত, যা মার্কিন ট্রেজারির জন্য অর্থ উপার্জনের জন্য ডিজাইন করা হয়েছে।
বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, ‘গোল্ড কার্ড’–এর একটি করপোরেট সংস্করণও আছে। এই ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে দ্রুত ভিসা দরকার এমন কর্মীদের জন্য কোনো কম্পানি যদি প্রতি কর্মীর জন্য ২মিলিয়ন ডলার জমা দেয়, তাহলে সেই কর্মীদের দ্রুত ভিসা দেওয়া হবে।
সূত্র : রয়টার্স
