ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই চায় নারীরা ঘরে থাকুক : সালাহউদ্দিন

সিলেটের সময় ডেস্ক :

 

যারা ধর্মের নামে ব্যবসা করে তারাই নারীদের ঘরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, তারা চায় নারীরা ঘরের ভেতর থাকুক। তাই তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে চায়, যার ফলে তারা ঘরের ভেতর থাকবে এবং প্রতিষ্ঠানের মালিকেরা নারীদের চাকরি দেবে না।

‎আজ শুক্রবার সকালে রাজধানীতে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিরোধে’ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, দেশের অগ্রগতি চাইলে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে, নারীদের সামাজিক মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য নয়, দেশে সবাই সমান অধিকার ভোগ করবে।

তিনি আরো বলেন, আজকের এই মৌন মিছিলটি একটি প্রতিবাদ সভা। এখানে প্রতিনিধিত্ব করছেন ৭১-এর বীরাঙ্গনাদের উত্তরসূরিরা।

বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী হিসেবে যিনি প্রথম– বেগম জিয়ার উত্তরসূরিরা। বাংলাদেশে বিগত সময়গুলোতে যে নারী নির্যাতন হয়েছে, তার উপযুক্ত বিচার হয়নি। অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে।জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, গতকাল বাংলাদেশে একটি আদেশ জারি করা হয়েছে।

আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি— জুলাই জাতীয় সনদ আমরা যেভাবে স্বাক্ষর করেছি, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু এর বেশি যদি আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা বিবেচনা করব– কী করব। যেকোনো ধরনের জবরদস্তিমূলক আদেশ দিয়ে আমরা সংবিধান সংস্কার করতে দিতে চাই না।
এ বিভাগের অন্যান্য