কর্মীদের আবেগকেও সম্মান করতে হবে : রুমিন ফারহানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আন্দোলন-সংগ্রামে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশির ভাগ ফাঁকা রাখা হয়েছে। একই সঙ্গে দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় অনেক আসনে প্রার্থী ঘোষণা হয়নি। আবার অনেকে চেয়েও পাননি মনোনয়ন।
মনোনয়ন নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীরা আবেগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, তাদের এই আবেগকে সম্মান করতে হবে। এই নেতাকর্মীদের জন্যই একেকজন মনোনয়নপ্রত্যাশী এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বারে চলে আসেন।
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এসব কথা বলেন তিনি।
নির্বাচন যখন ঘনিয়ে আসে, অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটা বিএনপি ঠেকাতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আমাদের দলের মহাসচিব এটাকে সম্ভাব্য তালিকা বলেছেন। তিনি এটাও বলেছেন— এখানে যুক্তও হতে পারে, পরিবর্তনও হতে পারে। ৬৩টি আসন এখনো ঘোষণা হয়নি। সে কারণে এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে— এটা বলা খুব ডিফিকাল্ট।
