যুক্তরাষ্ট্রে যেতে দক্ষ কর্মীদের জন্য বাড়তি ১ লাখ ডলার চাপালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে যেতে বিদেশি দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এইচ-১বি ভিসা প্রোগ্রামে অতিরিক্ত ১ লাখ ডলার (৭৪ হাজার পাউন্ড) ফি দিতে হবে বলে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। খবর বিবিসির।
প্রোক্লেমেশনে বলা হয়েছে, প্রোগ্রামটির ‘অপব্যবহার’ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ফি না দিলে প্রবেশাধিকার সীমিত থাকবে।
যুক্তরাষ্ট্রের সমালোচকরা বরাবরই বলে আসছেন, এইচ-১বি ভিসা মার্কিন কর্মীদের চাকরির সুযোগ কমিয়ে দেয়। তবে অনেকে মনে করেন, এই ভিসা যুক্তরাষ্ট্রকে সারা বিশ্ব থেকে মেধাবী জনশক্তি আকৃষ্ট করতে সহায়তা করে। এদের মধ্যে বিলিয়নিয়ার ইলন মাস্কও আছেন।
শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে যোগ দেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, এইচ-১বি ভিসার জন্য বছরে এক লাখ ডলার দিতে। আর বড় কম্পানিগুলো এতে রাজি আছে।
২০০৪ সাল থেকে প্রতি বছর এইচ-১বি ভিসার সংখ্যা সর্বোচ্চ ৮৫,০০০-এ সীমাবদ্ধ।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)–এর তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরের জন্য এইচ-১বি ভিসার আবেদন কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৫৯ হাজারে; যা গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।
