টেকনাফে গহীন পাহাড়ে অভিযান, নারী-শিশুসহ উদ্ধার ৬৬

সিলেটের সময় ডেস্ক :

 

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়োকালে উপকূলীয় এলাকার গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু।তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে কেউ অপহরণ শিকার; আবার কেউ কেউ মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এসে সংঘবদ্ধ দালাল চক্রের হাতে জিম্মি হয়েছেন।

কোস্ট গার্ড সদরদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় দুর্বৃত্তদের গোপন আস্তানায় কিছু সংখ্যক লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।

ঘটনাস্থলে পৌঁছলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত কৌশলে পালিয়ে যায়। এ সময় সেখানকার পাহাড় চূড়ায় কয়েকটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়।এসব আস্তানা থেকে উদ্ধার করা হয় ৬৬ জনকে।

সিয়াম-উল-হক বলেন, ঘটনায় জড়িত পাচারকারীদের চিহ্নিত করতে কোস্ট গার্ড কাজ করছে। উদ্ধারকৃতদের স্বজনদের কাছে হস্তান্তরে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান লে. কমান্ডার সিয়াম-উল-হক।

এ বিভাগের অন্যান্য