মানবপাচারকারী চক্রের ৫ জন গ্রেপ্তার
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চারজন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২।রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী উত্তরার পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ পাসপোর্ট, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথা জানানো হয়েছে।
র্যাব জানায়, চক্রটি দীর্ঘদিন বেকার যুবকদের টার্গেট করে আসছিল। ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে বৈধ ভিসা ও কাজের সুযোগ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালানো হতো। জন প্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা দাবি করা হতো ভুক্তভোগীদের কাছ থেকে।
র্যাব আরো জানায়, মামলার পর থেকে বিষয়টি নজরদারি করছিল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তাদের সরবরাহ করা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানার যৌথ টিম উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। অভিযানে চক্রের মূলহোতা আমিনুল ইসলামসহ চার সহযোগীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং মানবপাচারের মাধ্যমে অর্জিত ১ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তাদের স্বীকারোক্তি থেকে জানা গেছে, দেশে ও বিদেশে আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
