মব জাস্টিসের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে : রিজওয়ানা
সরকার মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেই সঙ্গে মব সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান এ উপদেষ্টা।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যম সংস্কার প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে।
সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখে বলেই আলাদা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে বলে উল্লেখ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
গণমাধ্যমে নৈতিকতা, দায়িত্বশীলতা ও জনআস্থার গুরুত্ব তুলে ধরে পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ যদি আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেটিই হবে টেকসই। সরকার সহায়তা করবে, কিন্তু টিকিয়ে রাখার দায়িত্ব গণমাধ্যমকেই নিতে হবে।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি সায়িদ আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।
