স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর, দীপিকাকে লিখলেন ‘হট মামা’
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিগত সময় ধরেই গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন। আন্তর্জাতিক শোবিজ অঙ্গনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন। তার গ্লোবাল যাত্রায় আরেকটি মাইলফলক যুক্ত করলেন এ অভিনেত্রী। ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি সদস্য হয়ে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন তিনি।
গ্লোবাল এই আয়োজনে দীপিকা নজর কাড়েন লুই ভুঁতোঁ–এর এক অনন্য পোশাকে। তিনি বেছে নিয়েছিলেন হলুদ ও বাদামি শেডের বোল্ড অ্যাবস্ট্রাক্ট প্রিন্টে তৈরি একটি ওভারসাইজড সিল্ক শার্ট, যেটিতে ছিল কলারসহ গভীর নেকলাইন। এর সঙ্গে পরেন সোনালি রঙের মিনি স্কার্ট, যেটির লম্বা ফ্রিঞ্জ মেঝে ছুঁয়ে চলাফেরার সঙ্গে দোল খাচ্ছিল।
ইভেন্টের কিছু মুহূর্ত শেয়ার করে দীপিকা লিখেছেন, “সব বিজয়ীদের অভিনন্দন! তোমাদের জাদু দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।
লুই ভুঁতোঁ–এর সঙ্গে দীপিকার দীর্ঘদিনের সম্পর্ক এবার নতুন মাত্রা যোগ করেছে ভারতীয় শোবিজে। ‘এলভিএমএইচ প্রাইজ ২০২৫’–এর জুরি বোর্ডে যোগ দিয়ে তিনি কেবল ফ্যাশন লেজেন্ডদের সঙ্গেই জায়গা করে নিলেন না, বরং ভারতকেও প্রতিনিধিত্ব করলেন সৃজনশীলতা ও উদ্ভাবনের এক বৈশ্বিক আসরে।
এই বছরের জুরিতে দীপিকার পাশাপাশি ছিলেন স্টেলা ম্যাকার্টনি, মার্ক জ্যাকবস, জোনাথন অ্যান্ডারসন, নিকোলাস ঘেসকিয়ের, ফিবি ফিলো, সিলভিয়া ভেনচুরিনি ফেন্ডি, নিগো ও ফ্যারেল উইলিয়ামস।
