শিক্ষক সারোয়ার-উৎসকে প্রাণনাশের হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি শায়খ আহমাদুল্লাহর
সিলেটের সময় ডেস্ক :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সরোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রাণনাশের হুমকিদাতাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। গতকাল মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের এক বিকৃত যৌনাচারের সমর্থক ছাত্রসহ চিহ্নিত কিছু লোক কর্তৃক দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।এর চেয়েও দুঃখজনক হলো, এই হুমকিদাতাকে নিন্দা জানানোর পরিবর্তে কিছু ব্যক্তি ও সংগঠন উল্টো তার পক্ষ সমর্থন করছে। এটি শিক্ষাঙ্গন ও সমাজ উভয়ের জন্যই একটি অশুভ দৃষ্টান্ত।’
তিনি লেখেন, ‘আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদ্বয়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, সম্প্রতি সাফওয়ান চৌধুরী রেবিল নামের এক ব্যক্তি ড. সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। তিনি সমকামিতার পক্ষে অবস্থানকারী হিসেবে পরিচিত। অন্যদিকে, ওই দুই শিক্ষক সমকামিতার বিপক্ষে নানা ধরেনের কার্যক্রমের জন্য পরিচিত।
