চাঁপাইনবাবগঞ্জে মাদরাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯ নম্বর ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।
স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, মাদরাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদরাসার ছাত্রীরা ঘুমিয়ে পড়ে।
শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মেডিক্যাল অফিসার আলিম বলেন, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন ও পুলিশের সঙ্গে ঘর তল্লাশির পর বলেন, শিশুদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে সাপের কামড় বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ভবনটির চারদিকে ঝোপ-জঙ্গল রয়েছে। সাপের কামড়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে শোনা গেছে। ওই এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে।
মাদরাসার কেয়ারটেকার ওবাইদুল ইসলাম বলেন, বিষাক্ত সাপের কামড়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
