১২ দিন পর আজ সীমিতভাবে খুলছে মাইলস্টোন

সিলেটের সময় ডেস্ক :

 

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তৃতীয় দফায় ছুটি শেষে আজ রবিবার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে এতে কোনো ধরনের পাঠদান বা একাডেমিক কার্যক্রম থাকছে না। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও ধীরে ধীরে স্বাভাবিকতায় ফিরিয়ে আনার প্রস্তুতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। এ ছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি পালিত হবে।

উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারী হতাহত হয়েছেন। এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন।

এই শোকাবহ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সেলিং সেশনেরও আয়োজন করা হয়েছে।

এদিকে গত ২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। গত ২৭ জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় ২ আগস্ট পর্যন্ত কলেজ বন্ধ রাখা হয়। এ সময় প্রশাসনিক কার্যক্রম চালু ছিল এবং আহতদের সহায়তায় গঠন করা হয় একটি কন্ট্রোল রুম।

এ বিভাগের অন্যান্য