৩ মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলায় ১৭ আসামিকে আজ সোমবার (২৮ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আজ আবু সাইদ হত্যা মামলায় শুনানি হবে। এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
পলাতক ২৪ আসামির জন্য গত ২২ জুলাই রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরো অনেকে সহায়তা ও উসকানি দিয়েছেন।
গত ২ জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ছয় লাশ পোড়ানোর এ মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
লক্ষ্মীপুরে গণহত্যা
জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৬ জুলাই অন্য মামলায় গ্রেপ্তার থাকা তিন আসামিকে আজ ২৮ জুলাই হাজিরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
