কুলাউড়ায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-শমশেরনগর সড়কের হিংগাজিয়া সাইনবোর্ড এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন চালক।

শনিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান আশিক (৩৫)শমশেরনগরের ঈগল নার্সারীর স্বত্বাধিকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ বোঝাই করে একটি পিকআপ শমশেরনগর থেকে ব্রাহ্মণবাজারের দিকে আসছিল। হিংগাজিয়া সাইনবোর্ড এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপে থাকা দুইজনের মধ্যে আশিক ঘটনাস্থলেই মারা যান। আহত চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পিকআপটি জব্দ করেছে।

স্থানীয়রা জানান, সড়কটি সরু ও বাঁক থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে।

এ বিভাগের অন্যান্য