রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক ঃ
মিডিয়া মুঘল রুপার্ট মারডকের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে ওয়াল স্ট্রিট জার্নাল, তার মালিক নিউজ করপোরেশন ও মারডকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মামলাটি দক্ষিণ ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে। ট্রাম্প দাবি করেছেন যে ওয়াল স্ট্রিট জার্নাল জেফ্রি অ্যাপস্টিন-এর সঙ্গে বন্ধুত্ব নিয়ে বানোয়াট ও অপমানজনক প্রতিবেদন প্রকাশ করে তার রাজনৈতিক ভাবমূর্তি ও আর্থিক ক্ষতি করেছে।
মামলা দায়েরের আগে ট্রাম্প সামাজিক যোগাযোগামাধ্যমে বলেন, ‘আমি অপেক্ষায় আছি রুপার্ট মারডককে আমার মামলায় সাক্ষ্য দিতে দেখার জন্য। তার এই ‘আবর্জনা পত্রিকা’ ওয়াল স্ট্রিট জার্নালের বিচার হবেই!’
মামলার মূল অভিযোগে বলা হয়েছে, নিউজ করপোরেশন, ডাও জোনস, মারডক ও দুই প্রতিবেদক ইচ্ছাকৃতভাবে ট্রাম্পকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত করতে এই প্রতিবেদন প্রকাশ করেন।
এখন পর্যন্ত ওয়াল স্ট্রিট জার্নাল, ডাও জোনস, নিউজ কর্প বা রুপার্ট মারডকের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
