ঢাকায় সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল জামায়াতের আমিরসহ ২ জনের

সিলেটের সময় ডেস্ক :

 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোররাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাওলানা আবু সাঈদ (৫২) ও আমানত শেখ (৫৫)। তাদের মধ্যে আবু সাঈদ খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন। তিনি চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভি হিসেবে কর্মরত ছিলেন। আর আমানত শেখ দলটির কর্মী ছিলেন।

আহতরা হলেন— দলটির কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে খুলনা থেকে আসা বেশ কয়েকটি বাস পার্কিং করে জামায়াতের নেতাকর্মীরা পাশের মডেল মসজিদে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ থেমে থাকা একটি বাসের সামনে দাঁড়ানো ছিলেন। এ সময় অজ্ঞাত একটি বাস পেছন দিক থেকে বহরের একটি বাসকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন তিনজন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আমানত শেখ মারা যান। 
এ বিভাগের অন্যান্য