ভারত পানি ছাড়ার আগ মুহূর্তে জানায়, প্রস্তুতি নেওয়া কঠিন : রিজওয়ানা

সিলেটের সময় ডেস্ক :

 

উজানের দেশ ভারত বাঁধ খুলে পানি ছাড়ার আগ মুহূর্তে তথ্য দিলে বন্যার প্রস্তুতি নেওয়া কঠিন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ঢলের মাত্রা সম্পর্কে তথ্য না পাওয়ায় বাংলাদেশ প্রস্তুত থাকতে পারে না।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নতুন ওয়েবসাইট এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম (ডিএসএস) উদ্বোধনী অনুষ্ঠানে রিজওয়ানা হাসান এ কথা বলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ পূর্বাভাসের আঞ্চলিক সহযোগী সংস্থা রাইমস ও বিশ্বব্যাংকের কেয়ার ফর সাউথ এশিয়া প্রকল্পের যৌথ উদ্যোগে এসব সেবা চালু করা হয়েছে।

 

উপদেষ্টা বলেন, “দায়িত্ব নেওয়ার পরই শুনেছি যে রিয়েল টাইম ডেটা নেই আমাদের। উজানের দেশ যদি আমাদের না জানায় ভারী মানে কত, তাইলে আমরা বেশিটা জানতে পারি না। ফলে উজানের দেশ যদি আমাদের দুই ঘণ্টা আগে বলে যে ‘আমি গেট খুলে দেব’; ২ ঘণ্টায় তো আর আপনি কোনো প্রস্তুতি নিতে পারেন না।”

রিয়েল টাইম’ তথ্য পেতে যুক্তরাজ্যের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে জানান পানিসম্পদ উপদেষ্টা রিজওয়ানা।

 

তিনি বলেন, ‘দুই ঘণ্টা আগে তথ্য পেলেন, আপনার এখানে (ঢল) নামতে নামতে ৬ থেকে ৮ ঘণ্টা, এর মধ্যে আপনার তো ওটা (তথ্যপ্রাপ্তি) মাঝ রাতেও হতে পারে। সো ইউ মে নট গেট এনাফ টাইম টু প্রিপারেশন। সে জন্য আমরা ইউকেতে কথা বলেছি এবং ইউকে তো খুব আগ্রহ দেখাচ্ছে যে ওরা আমাদের সাইট স্পেসিফিক এবং রিয়েল টাইম ডেটাতে অ্যাকসেস দিয়ে আমাদের সঙ্গে একটা সমঝোতায় যাবে।’

কেবল অবকাঠামো নির্মাণ করে বন্যা মোকাবেলা সম্ভব নয় উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, ‘সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ফেনীর যে বন্যা, ওটা কিন্তু আমাদের আশঙ্কাটাকে আরো অনেক বাড়িয়ে তোলে।

তার কারণ হচ্ছে যে আমরা তো আরো বেশি এগুলোর ভেতর দিয়ে যাব। কতটা ইনফ্রাস্ট্রাকচারাল সমাধান আপনি দিতে পারবেন?’ 

আমাদের আর্থ-সামাজিক বাস্তবতায় অবকাঠামোগত প্রটেকশন আপনি কতটা দিতে পারবেন? কতটা অবকাঠামোগত সমাধান হলে ৫৪৯ মিলিমিটার বৃষ্টিপাতকে আপনি মোকাবেলা করতে পারবেন? কতটা অবকাঠামোগত সমাধান হলে ২১ ফুট পানিকে আপনি মোকাবেলা করতে পারবেন? ফলে প্রাক-প্রস্তুতিটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি জরুরি, বলে মনে করেন তিনি।

পানিসম্পদ উপদেষ্টা বলেন, ‘প্রাক-প্রস্তুতির জন্য বন্যা ও বৃষ্টির পূর্বাভাসের তথ্যের সঙ্গে কোন এলাকায় নদী ভাঙনের ঝুঁকি বেশি, সেই তথ্যও লাগবে। পাশাপাশি সেসব এলাকায় সামনের দিনগুলোতে কী হতে পারে তারও পূর্বাভাস লাগবে, যাতে করে নির্দিষ্ট এলাকার মধ্যে জনবসতি ও অবকাঠামো নির্মাণে বিধি-নিষেধ রাখা যায়।’

এ বিভাগের অন্যান্য