বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ওয়ানডে দলে এক নতুন মুখ
খেলাধুলা ডেস্ক ঃ
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। চারিথ আসালাঙ্কার নেতৃত্বাধীন দলে একমাত্র নতুন মুখ মিলান রত্নায়েকে।
২৮ বছর বয়সী বাঁহাতি এই ব্যাটার বাংলাদেশ দলের জন্য একেবারে অচেনা নন। চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই গলে খেলেছেন তিনি, যেখানে এক ইনিংসে ব্যাট করতে নেমে করেন ৩৯ রান।
কলম্বোতে চলমান দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পর দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সিরিজটি শুরু হবে ২ জুলাই কলম্বোতেই। এই সিরিজ দিয়েই মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে ফরম্যাটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।
শ্রীলংকা তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২-০ ব্যবধানে জয় পাওয়া সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুয়ানিদু ফার্নান্দো, লাহিরু কুমারা ও মোহাম্মদ সিরাজ। তাদের জায়গায় জায়গা পেয়েছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে।
বাংলাদেশও আগেই ঘোষণা করেছে তাদের ১৬ সদস্যের ওয়ানডে দল। মিরাজের নেতৃত্বে দলে ফিরেছেন প্রায় দুই বছর জাতীয় দলে না থাকা মোহাম্মদ নাঈম।
ওয়ানডে সিরিজের সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ হবে ২ জুলাই কলম্বোতে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ৫ জুলাই। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ জুলাই, পাল্লেকেলেতে।
শ্রীলংকা ওয়ানডে দল: চারিত আসালঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিতা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
