ভারতীয় পাইলট অভিনন্দনকে আটককারী পাকিস্তানি সেনা তালেবানের গুলিতে নিহত
আন্তর্জাতিক ডেস্ক ঃ
২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের সময় ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করেছিলেন বলে দাবি করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ। পাকিস্তানের পাখতুনখোয়ার ওয়াজিরিস্তানে গত মঙ্গলবার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সশস্ত্রগোষ্ঠীর অতর্কিত হামলায় এই মোইজ শাহ নিহত হয়েছেন।
পাকিস্তান তালেবান দেশটির আফগান সীমান্তবর্তী অঞ্চলের একটি সশস্ত্র ইসলামপন্থী গোষ্ঠী। পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি রাওয়ালপিন্ডিতে তার জানাজার নামাজের সময় উপস্থিত ছিলেন।
মোইজ আব্বাসের প্রশংসা করে ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, ‘বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কর্তব্য পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।’ নামাজ শেষ হওয়ার পর তার মরদেহ বাড়িতে পাঠানো হয়। পরিবারে তার স্ত্রী এবং দুই ছেলে আছেন।
আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোগা এলাকায় অভিযান চালায় সে দেশের নিরাপত্তা বাহিনী। ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন মেজর শাহ। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই অভিযানে ১১ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে এবং সাতজন আহত হয়েছে।’
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছিল। সেই সময় মেজর মোইজ আব্বাস শাহ ও ল্যান্স নায়েক জিবরানুল্লাহ’র মৃত্যু হয়।
পাকিস্তানের চকওয়ালের বাসিন্দা ছিলেন বছর ৩৭-এর সৈয়দ মোইজ আব্বাস শাহ। তিনি পাকিস্তানের সেনাবাহিনীতে যোগ দেন ২০১১ সালে। ২০১৯ সালের ২৭শে ফেব্রুয়ারিতে অভিনন্দন বর্তমানের মিগ-২১ জেট বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল পাকিস্তান। বিমান ধ্বংসের পর প্যারাসুটের মাধ্যমে পাকিস্তানের ভূমিতে নেমে এসেছিলেন অভিনন্দন। সেই সময় স্থানীয় জনতা তাকে ঘিরে ধরলে কিছুক্ষণ পর ক্যাপ্টেন (তৎকালীন) সৈয়দ মোইজের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী সেখানে পৌঁছায় এবং তাকে নিজেদের হেফাজতে নেয়।
