একই জমি দেখিয়ে দুই ব্যাংকের ১০৫ কোটি টাকা আত্মসাৎ
চট্টগ্রামে একই জমির দলিল বন্ধক রেখে দুটি ব্যাংক থেকে ১০৫ ঋণ নিয়ে তা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরী সম্রাটের বিরুদ্ধে। ঋণ পরিশোধ না করায় সম্রাটের কাছে ব্যাংক দুটির বর্তমানে পাওনা দাঁড়িয়েছে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা। চট্টগ্রাম নগরীর জুবিলী রোডের টাওয়ার ইন হোটেলের পাশে ২৮ শতক সম্পত্তি নিয়ে এখন ব্যাংক দুটির মধ্যে টানাটানি চলছে।
জানা গেছে, ২০১১ সালের ১৩ এপ্রিল তিনি ওয়ান ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে মেসার্স সিদ্দিক ট্রেডার্সের নামে ৪৯ কোটি টাকা ঋণ নেন।
ওয়ান ব্যাংক জালিয়াতি জানার পর সম্রাট তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। গত ৯ মে তিনি বন্ধক রাখা সম্পত্তি বিক্রি করে ঋণ সমন্বয় করার জন্য আবেদন করেন। যদিও ব্যাংক কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।
ওয়ান ব্যাংকের লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড রিকভারি ডিভিশনের ম্যানেজার জুয়েল দাশ বলেন, ‘আবু সাঈদ চৌধুরী সম্রাট তাঁর দুটি প্রতিষ্ঠানের নামে ওয়ান ব্যাংকের কাছে ২৮ শতক জমি বন্ধক রেখে ৫৪ কোটি টাকা ঋণ নেন। ঋণ পরিশোধ না করায় অর্থঋণ আদালতে মামলা করেছি। হঠাৎ একদিন আদালতে সোনালী ব্যাংকের মামলার শুনানি চলাকালে বিষয়টি আমাদের নজরে আসে। সোনালী ব্যাংকের মামলার নথি দেখে ব্যবসায়ী সম্রাটের নিখুঁত জালিয়াতির বিষয়ে আমরা নিশ্চিত হই। পরে তাঁর বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা মামলা করেছি।’
সোনালী ব্যাংকের লালদীঘি শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বলেন, ‘দীর্ঘদিন তাগাদার পর পরিশোধ না করায় সম্রাটের কাছে এখন ব্যাংকের পাওনা ১৭৯ কোটি ৪৭ লাখ টাকা। ঋণের অর্থ আদায়ে বন্ধকি সম্পত্তি নিলামে গিয়ে দেখা যায়, একই জমি দেখিয়ে তিনি আরেকটি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন।’
এ ব্যাপারে আবু সাঈদ চৌধুরী সম্রাট বলেন, ‘ঋণের জন্য দায়বদ্ধ সম্পত্তি নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ওই সম্পত্তি বিক্রি করে ঋণ সমন্বয় করার জন্য ব্যাংকের কাছে আবেদন করেছি।’
পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই আল আমিন জানান, ব্যবসায়ী সম্রাটের বিরুদ্ধে তথ্য গোপন করে সম্পত্তি বন্ধক রাখা-সংক্রান্ত জালিয়াতি মামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিগগির আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
